গাজীপুরে একদিনে সর্বোচ্চ ২৫৬ জন শনাক্ত: শতকরা ৪৯ দশমিক ৬১ শতাংশ

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরে একদিনে করোনাভাইরাস সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে গত চব্বিশ ঘন্টায়। এ সময়ে ৫১৬ জনের নমুনা পরীক্ষায় ২৫৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কোন মৃত্যু নেই।

বুধবার (১৪ জুলাই) সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৯ জুলাই সর্বোচ্চ ২৩৪ জন, ৪ জুলাই ২১৯ জন এবং ৭ জুলাই ২২০ জন শনাক্ত হয়েছিল। আর তা ছিল সে সময়ে সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের সব রেকর্ড ভেঙ্গে সর্বোচ্চ ২৫৬ জন শনাক্তের ফলে নতুন রেকর্ড হলো।

এই ২৪ ঘণ্টায় নমুনার শতকরা ৪৯ দশমিক ৬১ শতাংশ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন অফিস জানায়, ”গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ৫১৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্ত হয়েছে সর্বোচ্চ ২৫৬ জন। এ সময়ে কোন মৃত্যু নেই।”

”এ পর্যন্ত গাজীপুরের মোট ৯৬ হাজার ৬২২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এরমধ্যে করোনার সংক্রমণ শনাক্তের সংখ্যা ১৪ হাজার ৭৫৮ জন। তাঁদের মধ্যে মারা গেছেন মোট ২৭৭ জন। মোট সুস্থ হয়েছেন ১২ হাজার ৫০ জন।”

আরো জানানো হয়, ”গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রয়েছে সর্বাধিক সদরে (মহানগর) ১৫৩ জন, শ্রীপুরে ৫০ জন, কালিয়াকৈরে ২৬ জন, কাপাসিয়ায় ১৩ জন এবং কালীগঞ্জে ১৪ জন।”

”এখন পর্যন্ত সর্বাধিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে সদরে (মহানগর) ৯ হাজার ৪১৫ জন। এছাড়াও শ্রীপুরে ১ হাজার ৭৬৯ জন, কালিয়াকৈরে ১ হাজার ৬১৪ জন, কালীগঞ্জে ৯৯০ জন এবং কাপাসিয়ায় ৯৭০ জন।”