যৌতুকের কারণে স্ত্রী নির্যাতন: চাকরি হারালেন এসআই নাছির

গাজীপুর কণ্ঠ ডেস্ক : যৌতুকের কারণে স্ত্রী নির্যাতন এবং অন্য এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপরিদর্শক (এসআই) নাছির আহম্মেদকে চাকরিচ্যুত করা হয়েছে। গত মঙ্গলবার ডিএমপির উপপুলিশ কমিশনার ফরিদা ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলার বলরামপুর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে রুবিনা আক্তার রুনার সঙ্গে পাবনা শহরের কাচারীপাড়ার মোস্তাক আহম্মেদের ছেলে নাছির আহম্মেদের বিয়ে হয় ২০১২ সালের ২১ ডিসেম্বর। বিয়ের পর থেকেই নাছির পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় নাছির প্রায়ই রুবিনা খাতুনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। বিয়ের প্রায় দুই বছর পর ২০১৪ সালের ১১ নভেম্বর নাছির এসআই পদে পুলিশে যোগ দেন।

যৌতুক দাবি ও মেয়ে মারধরের ঘটনায় রুবিনার বাবা ২০১৯ সালে পাবনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নাছিরসহ তার বাবা-মা ও বোনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় নাছির আদালতে জামিনের জন্য হাজির হলে তার জামিন নামঞ্জুর হয়। এ ছাড়া নাছির আহম্মেদ অন্য এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এসব ঘটনায় পুলিশ সদর দপ্তর নাছিরকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করে। পরে বিভিন্ন তদন্তে নাছিরের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়।

 

সূত্র: সমকাল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button