কালীগঞ্জে শিব মন্দিরের গেইট ভাঙচুর!
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়নের পাড়ারটেক এলাকায় একটি শিব মন্দিরের (গেইট) ভাঙচুরের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত মধ্যে রাতে পাড়ারটেক বুড়া-বুড়ি শিব পার্বতী আশ্রমে এ ঘটনা ঘটে।

পাড়ারটেক বুড়া-বুড়ি শিব পার্বতী আশ্রমের কোষাধক্ষ্য গোলক ঘোষ ও স্থানীয়রা বলেন, দুর্গাপূজা উপলক্ষে মন্দিরের আশপাশসহ মন্দিরে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মন্দিরের প্রবেশদ্বারে একটি গেইট নির্মাণ করা হয। পূজা চলাকালীন মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পার্শ্ববর্তী দাউদপুর ইউনিয়নের ৫-৭জন অজ্ঞাত যুবক মন্দিরে উশৃংখলতা করার চেষ্টা করে। সে সময় তাদের মন্দির থেকে বের করে দেয়া হয়। তাদের বয়স ২৫-৩০ এরমধ্যে। ধারণা করা হচ্ছে এর রেশ ধরেই রাত দুইটার দিকে মন্দিরের প্রবেশদ্বারে হামলা চালিয়ে সম্পূর্ণ ভেঙে ফেলে তারা। এছাড়াও মন্দিরের চারপাশে আলোকসজ্জার জন্য লাগানো লাইট এবং বৈদ্যুতিক সংযোগ (তার) ছিঁড়ে ফেলেছে ওই দুর্বৃত্তরা।
তুমুলিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান বলেন, রাতে অজ্ঞাত কয়েকজন যুবক মন্দিরে উশৃংখলতা করার চেষ্টা করেছিল। ধারণা করা হচ্ছে পরবর্তীতে তারাই রাতের যেকোন সময় মন্দিরের গেইট এবং আলোকসজ্জার বৈদ্যুতিক সংযোগ ছিঁড়ে ফেলেছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
এ বিষয়ে জানতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমানের ব্যবহৃত সরকারি মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।



