চিকিৎসাধীন অবস্থায় মির্জাপুরের এমপি একাব্বর হোসেনের মৃত্যু

গাজীপুর কণ্ঠ ডেস্ক : টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের টানা চারবারের এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন আর নেই।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি…রাজিউন)।

এমপির সাবেক ব্যক্তিগত সহকারী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

সন্ধ্যায় সংসদ ভবনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বুধবার বাদ জোহর মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে হবে দ্বিতীয় জানাজা

শামীম আল মামুন জানান, কিডনিজনিত অসুস্থতার কারণে একাব্বর হোসেন নিয়মিত ডায়ালাইসিস করাতেন। গত ১৯ অক্টোবর ধানমন্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস করাতে গেলে সেখানে তার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। ২০ অক্টোবর সিটিস্ক্যান রিপোর্টে চিকিৎসকরা জানতে পারেন তিনি ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন। সেখান থেকে পরের দিন তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন অষ্টম, নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। একাব্বর হোসেন ১৯৫৬ সালের ১২ জুলাই মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী গ্রামে জন্মগ্রহণ করেন।

একাব্বর হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি ফজুলর রহমান খান ফারুক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, মির্জাপুর উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button