ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশ, আমদানিতে নিষেধাজ্ঞা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : অ্যাসিড ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইকের চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব থ্রি হুইলার আমদানি ও ক্রয়-বিক্রয়েও নিষেধাজ্ঞা দেন আদালত। একইসঙ্গে অবৈধ ইজিবাইক আমদানি থেকে বিরত থাকতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (১৫ ডিসেম্বর) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

এর আগে গত ১৩ ডিসেম্বর ‘বাঘ ইকো মোটরস লিমিটেডের’ সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে এ রিট দায়ের করা হয়।

রিট আবেদনে বলা হয়, ইজি বাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজি বাইকগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। মানবদেহের জন্য ক্ষতিকর। এছাড়া ইজি বাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই ইজি বাইকের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনও রাজস্ব পাচ্ছে না।

রিটে শিল্প মন্ত্রণালয়ের সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয়।

আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম বলেন, ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। মানবদেহের জন্য ক্ষতিকর। এ ছাড়া ইজিবাইকগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই ইজিবাইকের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এ কারণে সারাদেশে চলা অবৈধ ইজিবাইক বন্ধের নির্দেশনা চেয়ে আমরা হাইকোর্টে রিট করি।

আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম আরো বলেন, রিটের শুনানি নিয়ে আজকে আদালত ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক জব্দের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এগুলো আমদানি নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অবৈধ ইজিবাইক আমদানি থেকে বিরত থাকতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button