অবশেষে পুলিশে চাকরি হলো বরিশালের সেই আসপিয়ার
গাজীপুর কণ্ঠ ডেস্ক : অবশেষে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পেয়েছেন বরিশালের হিজলার আলোচিত ‘ভূমিহীন’ কলেজছাত্রী আসপিয়া ইসলাম কাজল।
শনিবার রাত ৮টার দিকে নিয়োগপত্র হাতে পেয়েছেন আসপিয়া ইসলাম।
সোমবার সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আসপিয়া।
স্বপ্নের চাকরির নিয়োগপত্র হাতে পাওয়ায় উত্ফুল্ল আসপিয়া ও তার পরিবার।
জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত নিয়োগপত্র আসপিয়ার হাতে তুলে দিয়েছেন হিজলা থানার উপ-পরিদর্শক মো. মিজান। নিয়োগপত্রে ২৮ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে তাকেসহ চূড়ান্ত নিয়োগ পাওয়া প্রার্থীদের প্রয়োজনীয় ব্যবহার্য সামগ্রী নিয়ে জেলা পুলিশ লাইনে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেখান থেকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে আনুষ্ঠানিকতা শেষে মহিলা টিআরসিদের ছয় মাসের প্রশিক্ষণের জন্য রংপুরে পাঠানো হবে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
প্রসঙ্গত, সাতস্তরের পরীক্ষায় মেধাতালিকায় পঞ্চম স্থান নিয়ে উত্তীর্ণ হওয়ার পরও স্থায়ী ঠিকানা না থাকায় কলেজছাত্রী আসপিয়ার পুলিশে নিয়োগ পাওয়া নিয়ে শংকা দেখা দেয়। এতে মানসিকভাবে ভেঙে পড়েন পিতৃহীন আসপিয়া ও তার পরিবার। পরে গত ৮ ডিসেম্বর বরিশাল জেলা পুলিশ লাইনে রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামানের কাছে গিয়েছিলেন আসপিয়া। ডিআইজি আসপিয়ার প্রতি সমবেদনা জানালেও তাকে চাকরি দেয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে পারেননি। বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় আসপিয়াকে জমিসহ ঘর এবং যোগ্যতা অনুযায়ী চাকরি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন বলে জানান জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।



