গাজীপুর কণ্ঠ ডেস্ক : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খুলনার ইন্সপেক্টর মঞ্জুরুল আহসান মাসুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক কলেজ ছাত্রী। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও অভিযান চালিয়েছে খুলনা থানা পুলিশ। ধর্ষণের শিকার ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
খুলনা থানা পুলিশ জানিয়েছে, ডুমুরিয়া উপজেলার বাসিন্দা এক কলেজ ছাত্রীকে ফেসবুকে এক যুবক উত্যক্ত করে। এ বিষয়ে প্রতিকারের জন্য ওই ছাত্রী পিবিআই এর ইন্সপেক্টর মাসুদের সঙ্গে যোগাযোগ করেন। ৫ দিন আগে ওই ছাত্রীর সঙ্গে ইন্সপেক্টর মাসুদের ফেসবুকে পরিচয় হয়। এরপর ইন্সপেক্টর মাসুদ রোববার (১৫ মে) দুপুরে ওই ছাত্রীকে নিয়ে নগরীর ৯ নং ছোট মির্জাপুর এলাকার কাগজী হাউজে যান। সেখানে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করা হয়। সেখান থেকে বেরিয়ে ওই ছাত্রী খুলনা থানায় গিয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে খুলনা থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ইন্সপেক্টর মাসুদকে পায়নি।
ঘটনার সত্যতা স্বীকার করে খুলনা থানার ওসি হাসান আল মামুন সংবাদ মাধ্যমকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইন্সপেক্টর মাসুদ পলাতক রয়েছে। ওই ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। মেয়েটি কিছুদিন আগে বিএল কলেজ থেকে এইচএসসি পাস করেছে।