কালীগঞ্জে সেভেন রিংস কারখানার ইলেকট্রিশিয়ানের মৃত্য নিয়ে ধুম্রজাল!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জের দেওপাড়া এলাকায় অবস্থিত সেভেন রিংস সিমেন্ট কারখানার ভেতরে আরিফুল ইসলাম (৩৫) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়ছে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র বলছে, বিদ্যুতায়িত হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যুর কথা। অপরদিকে কারখানা কর্তৃপক্ষের দাবি অসুস্থ ছিলেন ইলেকট্রিশিয়ান। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম পার্শ্ববর্তী পলাশ উপজেলার সার কারখানা এলাকার আব্দুল সালামের ছেলে। তিনি সেভেন রিং সিমেন্ট কারখানার ২ নাম্বার ব্লকে জ্যেষ্ঠ ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, ইলেকট্রিশিয়ান আরিফুল ইসলাম কারখানার ভেতরে ১ নাম্বার ব্লকের পেছনের অংশে সুতা তৈরির মেশিন মেরামতের কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে বিদ্যুতায়িত হয়। পরে‌ তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলাম বলেন, দুপুর পৌণে ১টার দিকে আরিফুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তিনি সেভেন রিংস কারখানার ভেতরে বিদ্যুতায়িত হয়েছিল বলে বাহক জানিয়েছে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রমজান মিয়া বলেন, দুপুর ১টার দিকে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে আরিফুল ইসলাম সেভেন রিংস কারখানায় জ্যেষ্ঠ ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। দুপুরে কাজ করার সময় বিদ্যুতায়িত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে সেভেন রিংস সিমেন্ট কারখানার সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) নিয়াজ মোহাম্মদ বলেন, ইলেকট্রিশিয়ান আরিফুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। ইতিপূর্বে তিনি ইন্ডিয়া থেকে চিকিৎসা করে এসেছেন। প্রতিদিনের মতো আজ কাজে যোগদেন। দুপুর ১২টার দিকে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চিকিৎসক জানিয়েছেন হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

 

আরো জানতে…………..

সেভেন রিংস সিমেন্ট ফ্যাক্টরি ফসলি জমিতে, নদীর পাড় দখল করে সম্প্রসারণ

কালীগঞ্জে সেভেন রিংস সিমেন্ট বোঝাই কভার্ড ভ্যান চাপায় পথচারীর মৃত্যু

কালীগঞ্জে সেভেন রিংস সিমেন্ট কারখানায় কিশোর শ্রমিকের মৃত্যু, ২ লাখ টাকায় রফা