নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে বিয়ের প্রলোভনে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সহবাসের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী বিয়ের দাবিতে সকাল থেকে ধর্ষকের বাড়িতে অনশন করছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনা দেখতে বিভিন্ন এলাকার লোকজন ওই প্রেমিকের বাড়িতে ভিড় জমাচ্ছে।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলের উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড বিনিরাইল দক্ষিণপাড়া সেকান্দর আলী শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ধর্ষক রাহিম শেখ বিনিরাইল দক্ষিণ পাড়ার সেকান্দার আলীর শেখের ছেলে।
জানা গেছে, ভুক্তভোগীকে বাড়িতে আসতে দেখে অভিযুক্ত রাহিম ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।
ভুক্তভোগী জানান, ৭ বছর আগে প্রতিবেশী ফুফাতো ভাই মালয়েশিয়া প্রবাসীর সঙ্গে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। বিয়ের ৫ বছর পর একই গ্রামের সেকান্দর আলীর ছেলে রাহিম শেখের সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয়। তারপর থেকেই গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। একপর্যায়ে রাহিম শেখ বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে শারীরিক সম্পর্ক (সহবাস) গড়ে তোলে। বিয়ের জন্য রাহিমকে চাপ দিলে সে বিভিন্নভাবে তালবাহানা করে এবং স্বামীকে ডিভোর্স দিতে বলে। তার কথামতো স্বামীকে ডিভোর্স দেই। ডিভোর্স দেওয়ার পর সে বিয়ে করবে না বলে। কোনো উপায়ন্ত না দেখে প্রেমিকের বাড়িতে অবস্থান করছি।
এ বিষয়ে অভিযুক্ত রাহিম শেখের কোন বক্তব্য পাওয়া যায়নি।
সত্যতা নিশ্চিত করে জাঙ্গালীয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য শহীদ উল্লাহ (শহীদ) বলেন, প্রবাসীর স্ত্রী ওই নারী বিয়ের দাবিতে বিনিরাইল দক্ষিণপাড়া এলাকার সেকান্দর আলী শেখের বাড়িতে অবস্থান করছে।