কমলাপুরে তুরাগ ট্রেনে ‘দলবদ্ধ’ ধর্ষণের শিকার এক কিশোরী: গ্রেপ্তার ৫

কমলাপুরে তুরাগ ট্রেনে ‘দলবদ্ধ’ ধর্ষণের শিকার এক কিশোরী: গ্রেপ্তার ৫

গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকার কমলাপুর রেলস্টেশনের একটি ট্রেনে এক কিশোরী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শুক্রবার (০৭ অক্টোবর) রাতে রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে তুরাগ কমিউটার ট্রেনে ওই কিশোরী ধর্ষণের শিকার হয়। ওই কিশোরীর বয়স ১৭ বছর।

এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। তাঁরা হলেন নাইম (২৫), সুমন (২১), নাজমুল (২৫), আনোয়ার (২০) ও রোমান প্রকাশ (২২)।

পুলিশ বলছে, এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা কমলাপুর রেলওয়ে স্টেশনে একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। ঘটনার সঙ্গে জড়িত ইমরান এখনো পলাতক।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদাউস আহম্মেদ বিশ্বাস সংবাদ মাধ্যমকে বলেন, ওই কিশোরী মা-বাবার সঙ্গে রাগ করে নেত্রকোনা থেকে পালিয়ে ঢাকায় এসেছিল। কমলাপুরে এসে সে ধর্ষণের শিকার হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।