গাজীপুর কণ্ঠ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেনকে অবসরে পাঠিয়েছে সরকার।
রোববার (১৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কেএম আলী আজম সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয় সরকারি চাকরি আইন ২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা হলো।
বিসিএস প্রশাসন ক্যাডারের ১০ম ব্যাচের কর্মকর্তা মকবুল হোসেন ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। ২০২১ সালের ৩১ মে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে যোগদান করেন।
চাকরি জীবনে তিনি সহকারী কমিশনার, প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া, পরিবেশ অধিদপ্তরের পরিচালক, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধকের দায়িত্ব পালন করেছেন মকবুল হোসেন।
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে অনার্স এবং ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়া মকবুল হোসেন দেশে-বিদেশে পেশাগত প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি দাপ্তরিক প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, জার্মানি, ভিয়েতনাম, তুরস্ক, মিশর, শ্রীলঙ্কা ও মালদ্বীপ সফর করেছেন।
মকবুল হোসেনের জন্ম কুষ্টিয়ার কুমারখালীর বল্লভপুর গ্রামের পৈত্রিক নিবাসে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই কন্যা সন্তানের জনক।