গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : লিওনেল মেসির ক্যারিয়ার দারুণ সব ট্রফিতে পরিপূর্ণ হলেও এখনো বিশ্বকাপ জেতা হয়নি এই আর্জেন্টাইন তারকার। এবারই শেষ বিশ্বকাপ খেলবেন লিওনেল মেসি। তাই তো মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে আগ্রহী দেশ-বিদেশের হাজারো সমর্থক। শুধু আর্জেন্টাইনরাই নন, বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে স্প্যানিশরাও মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান।
স্পেন ও বার্সেলোনার সাবেক খেলোয়াড় ও কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তার ভাষ্যমতে, ‘আমি মেসির হাতে বিশ্বকাপ দেখতে মুখিয়ে আছি।’
শুধু সাবেকরাই নন, বিশ্বকাপ খেলতে যাওয়া স্প্যানিশ খেলোয়াড় এবং কোচও মেসির হাতে বিশ্বকাপ দেখতে চান। তাদের চাওয়া, স্পেন বিশ্বকাপ না জিততে পারলে আর্জেন্টিনা যেন বিশ্বকাপ জেতে।
এর আগে স্পেনের বর্তমান প্রজন্মের অন্যতম সেরা খেলোয়াড় পেদ্রি বলেছিলেন, ‘স্পেন বিশ্বকাপ না জিতলে আমি চাই আর্জেন্টিনা জিতুক।’
এবার একই সুর শোনা যাচ্ছে স্পেনের কোচ লুইস এনরিকের কণ্ঠেও।
তিনি বলেন, ‘যদি স্পেন না জেতে, আমি চাইব আর্জেন্টিনা জিতুক। কেন? কারণ, মেসির মানের একজন খেলোয়াড়ের কারণে। যদি আমরা বিশ্বকাপ না জিতি, আমি চাইব আর্জেন্টিনা এটা জিতুক।’
এনরিকে আরো বলেছেন, ‘মেসি বিশ্বকাপ না জিতে অবসরে গেলে সেটা খুবই অনায্য হবে।’
বিশ্বকাপ কারা জিততে পারে, এমন প্রশ্নের জবাবে এনরিকের উত্তর, ‘ব্রাজিল ও আর্জেন্টিনা। এছাড়া, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ডও ফেভারিট। তবে নিচের সারির যেকোনো দলও ভালো করতে পারে।’