রাতে কালীগঞ্জের পথে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি চুমকি

রাতে কালীগঞ্জের পথে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি চুমকি

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সারাদেশে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা তেমন মিলছে না। শৈত্যপ্রবাহের মধ্যে বইছে হিমেল হাওয়া। বেড়েছে ঠান্ডার তীব্রতা। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ, দরিদ্র, ছিন্নমূল ও শীতার্ত দুস্থ মানুষের কষ্ট লাগবে এগিয়ে এসেছেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (এমপি)।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে মধ্য রাত অবধি কালীগঞ্জের পথে ঘুরে ঘুরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন মেহের আফরোজ চুমকি এমপি।

কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, সারাদেশে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই সবার উচিত তাদের পাশে দাঁড়ানো। এমন উপলব্ধি থেকেই রাতে কালীগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে প্রায় ১ হাজার কম্বল নিজ হাতে বিতরণ করেছেন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি (এমপি)।

কামরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে কালীগঞ্জের দেওপাড়া এলাকায় অবস্থিত নিজ বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হন তিনি। প্রথমেই আড়িখোলা রেলওয়ে স্টেশন পৌঁছে প্লাটফর্মে থাকা ছিন্নমূল ও অসহায় ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ শুরু করেন। এরপর কাপাসিয়া মোড়, দুর্বাটি মোড়, বক্তারপুর বাজার, ফুলদি বাজার, দালান বাজার, চান্দেরবাগ, জামালপুর বাজার, বাহাদুরসাদী বাজারে এলাকায় কম্বল বিতরণ করেন এমপি।‌ রাত ১১টার দিকে ঘোড়াশাল ফেরিঘাট এলাকায় পৌঁছে ফেরিঘাট এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শেষে বাসায় ফেরেন তিনি। গোটা এলাকার পথে ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত হতদরিদ্র বয়স্ক, শ্রমজীবী, অসহায়, ভ্যান চালক, কৃষক, দিনমজুর ও রিকশা চালকসহ বিভিন্ন পেশার শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন এমপি।‌

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন মেহের আফরোজ চুমকি এমপি।

তিনি আরো বলেন, এমপি’র নিজস্ব অর্থায়নে সংগৃহীত প্রায় ১ হাজার কম্বল আজ রাতে বিতরণ করা হয়েছে। শীতার্ত লোকজন কম্বল পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

জানা গেছে, কম্বল বিতরণের সময় কালীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবীন হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি এসএম আলমগীর হোসেন প্রমুখসহ দলীয় নেতা-কর্মীরা এমপি’র সঙ্গে উপস্থিত ছিলেন।