গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে ব্রিজের রেলিংয়ের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই কলেজ ছাত্র নিহত হয়েছেন।
শুক্রবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার ডুমনী এলাকায় পাগলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কাপাসিয়া উপজেলার ফুলবাড়িয়া এলাকার সোলায়মান হোসেনের ছেলে সিয়াম ও কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার বাহাদিয়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে শাকিল হোসেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন জানান, সকালে দুটি মোটরসাইকেলে করে তারা সাতজন শ্রীপুরে আসেন খেজুরের রস খাওয়ার জন্য। একটি মোটরসাইকেলে তিনজন ও অপরটিতে চারজন ছিল। এক পর্যায়ে চারজন থাকা মোটরসাইকেলটি পাগলা ব্রিজে পৌঁছালে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা চারজনের মধ্যে সিয়াম ও শাকিলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা বাকি দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহত দু’জন গাজীপুর বিজিএমইএ কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। আহত দুজনের নাম-পরিচয় জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।