মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় অভিযান, আটক ৪৯০

মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় অভিযান, আটক ৪৯০

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার ক্লাং শহরের ‘মিনি ঢাকা’ এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৪৯০ জন নাগরিককে আটক করেছে সে দেশের পুলিশ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমসের অনলাইন সংস্করণে বলা হয়, আটকদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার লোকজন রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, মালয়েশিয়ায় অতিরিক্ত সময় অবস্থান ও সঠিক কাগজপত্র না থাকা। বৈধ ভ্রমণ নথির অভাব ও নানা অপরাধের কারণেও বেশ কয়েকজন আটক হয়েছেন। আটকদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে। প্রয়োজনীয় কার্যক্রম (ডকুমেন্টেশন প্রক্রিয়া) শেষ হওয়ার পর তাদের সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হবে।

খবরে বলা হয়েছে, ওই শিল্প এলাকার একটি পাঁচতলা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সম্পূর্ণটি বিদেশি শ্রমিকে পরিপূর্ণ ছিল। তাদের মধ্যে অনেকেই নথিভুক্ত ছিলেন না। কোনো বৈধ কাগজ না থাকলেও তারা শিল্প এলাকার অ্যাপার্টমেন্টগুলোর নিচে নানা রকম ব্যবসা করে আসছিলেন।

স্থানীয়রা বলছেন, যারা আটক হয়েছেন তারা সাধারণত আমাদের বিরক্ত করেন না। কিন্তু সমস্যা হলো তারা একটু অপরিচ্ছন্ন থাকে। আর তারা সংখ্যায় এত বেশি যে, কখনো কখনো মনে হয় তারা এখানে আমাদের চেয়েও বেশি।