মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি যুবক নিহত

মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি যুবক নিহত

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সময় রবিবার (৩ মার্চ) রাতে এ ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন এসব তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা বাংলাদেশি হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা সম্ভব হয়নি। তবে নিহতদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার (০৪ মার্চ) রাত ১০টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অদূরে কাজাং কেটিএম পুনকাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি মেডিকেল টিম তাদের মৃত ঘোষণা করেছে।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেপিবিএম) পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল জানিয়েছেন, তারা রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পান। খবর পেয়ে দ্রুত কাজাং স্টেশন থেকে পাঁচজন কর্মীর একটি বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়। রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেপিবিএম পরিচালকের তথ্যমতে, নিহতরা ট্রেনে চাপা পড়েনি। ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়েছে। তিনজনের মরদেহ রেল ট্র্যাকের পাশে পড়েছিল।