ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের বাসায় মিলল আড়াই কোটি টাকা

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের বাসায় মিলল আড়াই কোটি টাকা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত লেফেটন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসা থেকে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত বৃহস্পতিবার রাতে তাঁর ক্যান্টনমেন্ট এলাকার বাসায় অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়।

রোববার (০২ মার্চ) রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদক কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান।

আক্তার হোসেন বলেন, ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বিষয়ে দুদকের একটি অনুসন্ধান চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে তাঁর বাসায় অভিযান চালানো হয়। অভিযানে তাঁর বাসা থেকে যে টাকা উদ্ধার করা হয়েছে, তা আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের ব্যাংক হিসাব জব্দ করে। একই সঙ্গে তাঁর স্ত্রী ও সন্তানদের নামে থাকা অ্যাকাউন্ট এবং তাঁদের মালিকানাধীন ব্যবসার ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করা হয়।

গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাইফুল আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দুদকে জমা পড়ে। দুদকের গোয়েন্দা শাখার প্রতিবেদনেও তার নামে অবৈধ সম্পদের আমলযোগ্য তথ্য উঠে আসে।

পটপরিবর্তনের পর সাইফুল আলমকে ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্টের দায়িত্ব থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পরে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় প্রতিরক্ষা মন্ত্রণালয়।