হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা, আসামি ১০০

হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় হত্যাচেষ্টা মামলা, আসামি ১০০

বিশেষ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর গাড়িতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলার ঘটনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৫ মে) সন্ধ্যায় এনসিপি গাজীপুরের কর্মী মো. আল-আমিন খন্দকার বাদী হয়ে এ মামলা করেন। এতে ১০০ জনের নাম উল্লেখসহ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন খান জানান, মামলায় প্রধান আসামি করা হয়েছে গাজীপুর মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন রাব্বিকে। এছাড়া মামলায় সাবেক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমসহ কয়েকজন আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকে হুকুমের আসামি করা হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার পর রোববার রাত থেকেই থানা ও ডিবি পুলিশ গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায়। এ সময় ৫৪ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪৩ জনকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি ১১ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রসঙ্গত, রোববার (৪ মে) সন্ধ্যার পর ঢাকায় ফেরার পথে গাজীপুর মহানগরের বাসন সড়ক এলাকায় হাসনাত আবদুল্লাহর গাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং কাঁচ ভেঙে দেয়। এতে হাসনাত আবদুল্লাহ হাতে রক্তাক্ত হন। পরে বোর্ডবাজার এলাকায় প্রাথমিক চিকিৎসা নিয়ে পুলিশি প্রহরায় ঢাকায় ফেরেন তিনি।

হামলার খবর ছড়িয়ে পড়লে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা চান্দনা চৌরাস্তা ও বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিল, মশাল মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।