গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এনিয়ে টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল রাশিয়ার এই রাজধানী। হামলার পর মস্কোর চারটি বিমানবন্দরই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে বেশ কিছু ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।
মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়ার রাজধানী মস্কো টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়েছে।
রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়া জানায়, নিরাপত্তার স্বার্থে মস্কোর চারটি প্রধান বিমানবন্দর ভনুকোভো, দোমোদেদোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকোভস্কি অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানায়, শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে, কিছু ড্রোনের ধ্বংসাবশেষ শহরের একটি প্রধান মহাসড়কে পড়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ইউক্রেন এখনও মস্কোতে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। রুশ কর্মকর্তারা জানান, এই হামলায় দুই কিশোর আহত হয়েছে এবং শহরের কিছু অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, তারা কুরস্ক অঞ্চলের তিওতকিনো গ্রামের কাছে রাশিয়ার একটি ড্রোন কমান্ড ইউনিটে সফলভাবে হামলা চালিয়েছে। এই অভিযানে রুশ বাহিনীর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
রাশিয়ার সামরিক ব্লগাররা জানান, ইউক্রেনীয় বাহিনী সীমান্ত অতিক্রম করে কুরস্ক অঞ্চলে প্রবেশের চেষ্টা করেছে। তারা মাইনফিল্ড অতিক্রম করে সাঁজোয়া যান নিয়ে রুশ প্রতিরক্ষা অবস্থানে হামলা চালায়। এই সময় রুশ বাহিনী ব্রিজ উড়িয়ে দিয়ে ইউক্রেনীয় বাহিনীকে প্রতিহত করার চেষ্টা করে।
সূত্র : বিবিসি