গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ার জামিরারচর এলাকায় বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে গাজীপুর-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কিশোরগঞ্জের ইটনা থানার কৃষ্টপুর এলাকার আবুল কালামের ছেলে তৌহিদুল্লাহ্ (২৪), একই থানার কমলবুক এলাকার মো. তানভীরের স্ত্রী রত্না আক্তার (২৬) ও তাদের ছেলে শায়ান (৩)।
জানা যায়, কিশোরগঞ্জ থেকে অটোরিকশাযোগে গাজীপুরে আসছিলেন তৌহিদুল্লাহ, আবুল কালাম, মোছা. তাছলিমা, সুবর্ণা, রত্না আক্তার ও শিশু শায়ান। পথে অটোরিকশাটি কাপাসিয়ার জামিরারচর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সবাই আহত হন। তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তৌহিদুল্লাহ্ ও শিশু শায়ানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহতাবস্থায় রত্নাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম জানান, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনার পরেই চালক বাসটি নিয়ে পালিয়ে যান। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।