গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় মার্কিন বোমা ব্যবহারের কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, মার্কিন প্রেসিডেন্ট ফোর্ডোতে (Fordo) ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় বোমা হামলা চালানোর জন্য ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবেন কিনা তা নিয়ে আলোচনা করছেন।
টাইমসের মতে, কেবলমাত্র যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ‘বাঙ্কার বাস্টার’ বোমা, ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর ব্যবহার করেই এই স্থাপনায় পৌঁছানো সম্ভব। এরজন্য আমেরিকান বি-২ বোমারু বিমানের প্রয়োজন হবে।
সাংবাদিক ডেভিড ই স্যাঙ্গার এবং জোনাথন সোয়ান লিখেছেন, ‘যদি তিনি এই সংঘাতে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একটি নতুন সংঘাতে সরাসরি অংশগ্রহণকারী হয়ে উঠবে। ইরানের বিরুদ্ধে ঠিক সেই ধরণের যুদ্ধে অংশ নেবে যে ধরণের যুদ্ধ ট্রাম্প দুটি নির্বাচনী প্রচারণায় শপথের পরিপন্থি।’
এদিকে, অ্যাক্সিওস নিউজ আউটলেট জানায়, হোয়াইট হাউস এ সপ্তাহে মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে ইরানের সঙ্গে আলোচনা করছে।
এ বিষয়ে চারটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, এই বৈঠকের উদ্দেশ্য হবে ‘একটি পারমাণবিক চুক্তি এবং ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের অবসানের সঙ্গে সম্পর্কিত একটি কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করা।’
এদিকে, ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি হুমকিও দিয়ে তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে চলে যেতে বলেছেন। সূত্র: আল-জাজিরা