বিশেষ প্রতিনিধি : টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইউনিভার্সিটি ইমপ্যাক্ট র্যাঙ্কিং ২০২৫-এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।
বৃহস্পতিবার (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আব্বাস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) গতকাল বুধবার তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই র্যাঙ্কিং প্রকাশ করে।
প্রকাশিত তথ্যে দেখা যায়, গাকৃবি দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম এবং আন্তর্জাতিকভাবে ৮০১-১০০০ তম অবস্থানে রয়েছে।
র্যাঙ্কিংয়ের ভিত্তি হিসেবে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDGs) ১৭টি অভীষ্ট গোল অনুযায়ী ১৩০টি দেশের ২,৫২৬টি বিশ্ববিদ্যালয়ের অবদান ও কার্যক্রম বিশ্লেষণ করে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে।
এর আগে, চলতি বছরের জানুয়ারিতে ‘টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র্যাঙ্কিং ২০২৫’-এ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে।
এছাড়া, টাইমস হায়ার এডুকেশন ২০২৫-এর এশিয়া র্যাঙ্কিংয়ে দেশের সকল কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাকৃবি শীর্ষস্থান দখল করে এবং ২০২৪ সালের ইউআরআই (URI) র্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ ৩০০ ইনোভেটিভ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নেয়।
এ অসাধারণ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ২০২৫ সালের টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাঙ্কিংয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে—এটি আমাদের জন্য গৌরবের বিষয়। এই স্বীকৃতি আমাদের শিক্ষা, গবেষণা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে অব্যাহত প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি।”
তিনি এই সাফল্যে নিরলস পরিশ্রম করা সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও মানবদিবস শ্রমিকদের আন্তরিক ধন্যবাদ জানান। উপাচার্য আরও বলেন,
“এই অর্জন আমাদের আরও দায়িত্বশীল, অগ্রসর এবং আন্তর্জাতিক পরিসরে কৃষি শিক্ষা ও গবেষণায় অবদান রাখতে অনুপ্রাণিত করবে।”