খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার ধাক্কা কাটিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে তার কার্যালয়।
পরবর্তী তিনদিন বাড়িতে বিশ্রামে থেকেই তিনি তার দায়িত্ব পালন করে যাবেন, রোববার তারা এ কথা জানিয়েছে।
৭৫ বছর বয়সী নেতানিয়াহু আগের রাতে অসুস্থ হয়ে পড়েন এবং তার পানিশূন্যতা ও অন্ত্রে প্রদাহ ধরা পড়ে; তিনি এখন রক্তনালীর মাধ্যমে তরল পদার্থ নিচ্ছেন, বিবৃতিতে এমনটাই বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“তার চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী, প্রধানমন্ত্রী আগামী তিনদিন বাড়িতে বিশ্রাম নেবেন এবং সেখান থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব সামলাবেন,” বলেছে নেতানিয়াহুর কার্যালয়।
ইসরায়েলি এ প্রধানমন্ত্রীর দেহে ২০২৩ সালে একটি পেসমেকার বসানো হয়েছিল, মূলনালীতে সংক্রমণ ধরা পড়ার পর গত ডিসেম্বরে তার প্রোস্টেটও অপসারণ করা হয়।



