নিজস্ব সংবাদদাতা : কালীগঞ্জে আনোয়ার হোসেন (৫৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করেছে।
রোববার (২০ জুলাই) বিকেলে কালীগঞ্জ বাইপাস সড়কের মূলগাঁও মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন কালীগঞ্জ পৌরসভার চৈতারপাড়া গ্রামের মৃত তাজিম উদ্দিনের ছেলে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৯ জুলাই) সন্ধ্যার পর থেকে আনোয়ার হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার বিকেলে মূলগাঁও এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তার অটোরিকশাটি পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, ছিনতাইকারীরা রিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে আনোয়ারকে হত্যা করেছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”