গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালিয়াকৈরের একটি বিলে বেড়াতে গিয়ে নৌকাডুবে তিন বন্ধু নিখোঁজ হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) বিকালে সাড়ে ৪টার দিকে উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকার মকশ বিলে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- উপজেলার সূরিচালা গ্রামের মজনু মিয়ার ছেলে মো. শিমুল হোসেন, একই এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান এবং ঢাকার ধামরাই উপজেলার শিমুলিয়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে মুহাম্মদ ইব্রাহীম হোসেন।
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার সকালে ধামরাই থেকে ইব্রাহিম তার খালার বাড়ি সূরিচালা এলাকায় বেড়াতে আসেন। বিকালে পাঁচ বন্ধু মিলে একটি ছোট নৌকা নিয়ে মকশ বিলে ঘুরতে বের হন তারা। এক পর্যায়ে প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করে। এতে বিলের পানিতে প্রচুর ঢেউয়ের সৃষ্টি হলে তাদের নৌকাটি পানিতে উল্টে যায়।
তাদের মধ্যে সাকিব হোসেন ও আরাফাত হোসেন সাঁতরে তীরে উঠতে পারলেও অপর তিনজনের পানিতে তলিয়ে যান। সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনার পর আশপাশের লোকজন তাদের খুঁজতে শুরু করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৮টা পর্যন্ত তাদের কোনো খোঁজ পায়নি। নিখোঁজ ও উদ্ধার হওয়া পাঁচজনই চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
নিখোঁজ শিমুলের বোন জামাই আসলাম হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, “বিকালে বন্ধুদের সঙ্গে বিলে নৌকায় ঘুরতে বের হয় শিমুল। নৌকা বাতাসে উল্টে যাওয়ার পর থেকে তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি।”
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম সংবাদ মাধ্যমকে বলেন, তিনজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে।