গাজীপুর

জয়দেবপুর রেল জংশনে ‘মুগ্ধ’র নামে সুপেয় পানির কর্নার উদ্বোধন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে ‘জুলাই শহিদ’ মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে নির্মিত হয়েছে ‘মুগ্ধ সুপেয় পানির কর্নার’।

মঙ্গলবার (০৫ আগস্ট) সকালে কর্নারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদুল হাসান, গাজীপুরের পুলিশ সুপার ড. যাবের সাদেকসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সুধীজন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, “তারুণ্যের আইডিয়ায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুর জেলা পরিষদ ৯ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে কর্নারটি নির্মাণ করেছে।”

জেলা প্রশাসক নাফিসা আরেফীন বলেন, “মুগ্ধ কর্নারটি গাজীপুরের শ্রমজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের বিশুদ্ধ পানির চাহিদা পূরণের উদ্দেশ্যে নির্মিত হয়েছে। এটি শহিদ মুগ্ধের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখবে।”

জয়দেবপুর জংশনে শান্তাহারগামী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন বেভারেজ কোম্পানি প্রাণ-আর-এল-এর কর্মী জাহিদুল ইসলাম। কর্নার থেকে পানি সংগ্রহ করার পর তিনি জানান, “বাংলাদেশে বেশিরভাগ রেলওয়ে স্টেশনে বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের এই উদ্যোগ সাধারণ যাত্রীদের জন্য অত্যন্ত উপকার হবে।”

উদ্বোধনের আগে গাজীপুর জেলার বিভিন্ন স্থানে ‘জুলাই শহিদদের’ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ১৮ জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে নিহত হন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১৯তম ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। এক ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত তিনি অকুতোভয়ে অন্য আহত শিক্ষার্থীদের সেবা দিয়ে যাচ্ছিলেন। ভিডিওতে তাকে ক্লান্ত আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়— “পানি লাগবে কারও, পানি?”— এবং সেইসঙ্গে পানির বোতল বিতরণ করছিলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button