গাজীপুর

কালীগঞ্জে ড্রাম ট্রাক চাপায় নিহত ২

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় ড্রাম ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও তিনজন।

শুক্রবার (০৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে একজন হলেন নরসিংদীর মনোহরদী উপজেলার সুকন্দি গ্রামের বাসিন্দা মো. আলী উল্লাহ (৪০)। আরেকজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

আহত তিনজন হলেন সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০), তাঁর স্ত্রী ছালমা বেগম (৩৫) এবং তাঁদের চার বছর বয়সী ছেলে তামিম। তাঁরা সফিপুর থেকে সিএনজি অটোরিকশায় করে নরসিংদীর উদ্দেশে রওনা হয়েছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী অটোরিকশাটি কালীগঞ্জ বাইপাস সড়কের দেওপাড়া চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক সেটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাবেদ কায়সার বলেন, “সকাল ৮টা ৫০ মিনিটে দুইজনকে মৃত এবং তিনজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসার পর আহতদের গাজীপুরে রেফার্ড করা হয়েছে।”

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয়েছে। অন্যজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

উল্লেখ্য: এর আগে ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাত ১১টার দিকে একই স্থানে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দিলে পাঁচ যাত্রী নিহত হয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button