কালীগঞ্জে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন ও এলাকায় উপদ্রব সৃষ্টির অভিযোগে ইকবাল মিয়া (২৬) নামে এক মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ইকবাল মিয়া ভাদার্ত্তী গ্রামের আব্দুল কাশেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, বুধবার দুপুরে ইকবাল মিয়া মাদক সেবন করে ভাদার্ত্তী এলাকায় রাস্তাঘাটে চিৎকার-চেঁচামেচি শুরু করে এবং পথচারীদের সঙ্গে অশোভন আচরণ করে। সে সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে স্থানীয়রা বিষয়টি কালীগঞ্জ থানায় জানায়।
খবর পেয়ে থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইকবাল মিয়াকে আটক করে থানায় নিয়ে যায়। পরে উপজেলা পরে ইকবাল মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, মাদক সেবনকারীরা শুধু নিজের নয়, সমাজেরও ক্ষতি করে। আইন সবার জন্য সমান, তাই এমন অপরাধে কাউকেই ছাড় দেওয়া হবে না। এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
পুলিশ জানিয়েছে, কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও পুলিশ সম্প্রতি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করছে। গত দুই মাসে প্রায় এক ডজনের বেশি মাদকসেবী ও বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের ও বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



