গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গীতে বিকাশ এজেন্টের বিক্রয় প্রতিনিধিকে গুলি করে ১৫ লাখ ৭৭ হাজার টাকা লুট করা হয়েছে। গুলিবিদ্ধ আরিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্ব) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আনারকলি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিক্রয় প্রতিনিধি আজাদ হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, টঙ্গীবাজার ও আশপাশের এলাকার বিকাশ এজেন্টের দোকান থেকে টাকা সংগ্রহ করে তারা আনারকলি রোড হয়ে টঙ্গীবাজার সেনাকল্যাণ ভবনের ‘জেএন্ডসন্স’ নামের বিকাশ এজেন্টের অফিসে যাচ্ছিলেন।
মোটরসাইকেল আনারকলি রোডের মাঝামাঝি আসা মাত্র তিন জন মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে। এ সময় তাদের সঙ্গে থাকা টাকা ভর্তি ব্যাগটি ছিনিয়ে নিতে চাইলে তারা বাধা দেন।
আজাদের ভাষ্য, দুর্বৃত্তরা আরিফের বুকে এক রাউন্ড গুলি করে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ১৫ লাখ ৭৭ হাজার টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান সংবাদ মাধ্যমকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আজাদকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আরিফকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অপরাধীদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।