কালীগঞ্জে বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা

নিজস্ব সংবাদদাতা : গাজীপুর-৫ সংসদীয় আসনের কালীগঞ্জে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্কুলের মাঠে বিনামূল্যে চিকিৎসা শিবির এবং প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করেন।

মোবাইল কোর্ট ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ কে এম ফজলুল হক মিলনের সহধর্মিণী শম্পা হকের নেতৃত্বে চুপাইর উচ্চ বিদ্যালয়ের মাঠে দলীয় প্রার্থীর নাম, ছবি ও প্রতীক ব্যবহার করে বিনামূল্যে চিকিৎসা শিবিরের আড়ালে কৌশলে নির্বাচনী প্রচারণা চালানো হয়। এ ছাড়া, চুপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে চলমান পাঠদানের সময় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটানো হয় এবং সেখানে নির্বাচনী লিফলেট বিতরণ ও প্রচারণা করা হয়। এতে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রচারণার কাজে ব্যবহার করা হয়। বিষয়টি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন বিবেচনা করে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
সে সময় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর ২৭(খ) ধারায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রার্থীর প্রতিনিধি হিসেবে জরিমানার অর্থ পরিশোধ করেছেন বিএনপি নেতা ফরিদ মৃধা।



