আলোচিতজাতীয়

ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজকে সরানো হল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দুর্নীতির অভিযোগে দুদকের তৎপরতার মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে সরিয়ে দিয়েছে সরকার।

তার বদলে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে এই সিটির নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সোমবার এ বিষয়ে আদেশ জারি করেছে।

মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, এজাজের মেয়াদ এক দিন পর এমনিতেই শেষ হয়ে যেত। সেটা আর না বাড়িয়ে তার জায়গায় একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হল।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আক্তার জাহান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ‘মেয়রের ক্ষমতা’ প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। নিজের বর্তমান পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই নতুন দায়িত্ব পালন করবেন। সেজন্য বিধি অনুযায়ী ‘দায়িত্ব ভাতা’ পাবেন।

চব্বিশের অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছর ১৯ অগাস্ট ঢাকা উত্তর সিটিসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। ওই দিনই এসব সিটি করপোরেশনে প্রশাসক বসানো হয়। তাতে ঢাকা উত্তর সিটির দায়িত্ব পান স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসান।

এরপর ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে উত্তর সিটির প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।

কিন্তু অল্প দিনেই তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠতে শুরু করে। এক পর্যায়ে সেসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক।

এর অংশ হিসেবে এজাজকে দুদকে তলব করা হয়। তিনি হাজির না হওয়ায় গত ১ ফেব্রুয়ারি ঢাকার একটি আদালত তার দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করে।

আদালতে দুদকের আবেদনে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের অধিনস্ত মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটনের ভাগ, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য নানা বিষয়ে অভিযোগ রয়েছে মোহাম্মদ এজাজের বিরুদ্ধে।

সূত্র: বিডিনিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button