প্রায় ৫৬ হাজার ভোটে জয় পেলেন ফজলুল হক মিলন

প্রায় ৫৬ হাজার ভোটে জয় পেলেন ফজলুল হক মিলন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : গাজীপুর-৫ সংসদীয় আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন। বেসরকারি ফলাফল অনুযায়ী, প্রায় ৫৬ হাজার ১৩০ ভোটের ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত প্রাপ্ত ১২৪টি ভোটকেন্দ্রের বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গিয়েছে। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়ি পাল্লা প্রতীকের মো. খায়রুল হাসান।

রিটার্নিং অফিসারের দফতর ও ভোটকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৭টায় একযোগে ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। সারাদিন শান্তিপূর্ণ পরিবেশেই চলে ভোট। বিকাল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা।

রাত ১২টার দিকে সব কেন্দ্রের ফলাফলে দেখা যায়, মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লক্ষ ২৭ হাজার ৪৪৩টি। এর মধ্যে ৪ হাজার ২৭৬টি ভোট বাতিল হয়েছে। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ২ লক্ষ ২৩ হাজার ১৬৭টি।

বেসরকারি হিসাব অনুযায়ী, ধানের শীষ প্রতীকের প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন পেয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৮৯১ ভোট।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়ি পাল্লা প্রতীকের প্রার্থী মো. খায়রুল হাসান পেয়েছেন ৭৬ হাজার ৭৬১ ভোট।

অন্যান্য প্রার্থীদের প্রাপ্ত ভোটের হিসাব—জনতার দলের কলম প্রতীকের আজম খান পেয়েছেন ৬ হাজার ৫৬০ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের গাজী আতাউর রহমান পেয়েছেন ৪ হাজার ৪১৫ ভোট। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের ডা. মো. সফিউদ্দিন সরকার পেয়েছেন ১ হাজার ৪৮৪ ভোট। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের আল আমিন দেওয়ান পেয়েছেন ৮৩৬ ভোট। গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের কাজল ভূঁইয়া পেয়েছেন ২২০ ভোট।

এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৩ লক্ষ ৫০ হাজার ৯৬৬ জন।