সারাদেশ

চাঁদা না দেওয়ায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা দাবিকে কেন্দ্র করে লেগুনাচালক নুরে আলম ওরফে খায়রুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।

শুক্রবার (২০) বিকেলে সুফিয়া গার্মেন্টসের সামনে তাকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাতেই তার মৃত্যু হয়।

নুরে আলমের বাড়ি শরীয়তপুর সদর উপজেলার শফিপুর এলাকায়। তিনি মাতুয়াইলে পরিবার নিয়ে বসবাস করতেন। তার তিন বছর বয়সি একটি সন্তান রয়েছে।

পুলিশের ভাষ্য, যাত্রাবাড়ী মোড় এলাকায় চাঁদা নিয়ে বিরোধের জেরে কয়েকজন চালক তাকে ঘিরে ফেলে বেধড়ক পেটায়। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান।

নিহতের স্বজনদের অভিযোগ, সড়কে লেগুনা চালানোকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করা হচ্ছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু সংবাদ মাধ্যমকে জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, অন্য এক চালকের সঙ্গে সাম্প্রতিক বিরোধের জের ধরেই এ হামলা ঘটে। নিহতের পরিবার মামলা করেছে এবং অভিযুক্তদের আটকে অভিযান চলছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button