গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণ

গাজীপুরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি ও ককটেল বিস্ফোরণ

বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় একটি কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সশস্ত্র মহড়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়া, ঝুটবোঝাই একটি ট্রাক এবং ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে।

শনিবার (০৭ মার্চ) বেলা ১১টার দিকে বাসন থানার ভিটিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিটিপাড়া এলাকায় অবস্থিত ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট সংগ্রহের চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান হলো খান ট্রেডার্স। প্রতিষ্ঠানটির মালিক গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি শরীফ আজাদের লোকজন সকালে কারখানার গুদামে ট্রাক ঢুকিয়ে ঝুট বোঝাই শুরু করেন। এ খবর পেয়ে ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুল ইসলামের নেতৃত্বে দুই থেকে আড়াই’শ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গুদামের সামনে জড়ো হয়ে মহড়া দেয়। এক পর্যায়ে শরীফ আজাদের লোকজনকে ধাওয়া দিলে তারা একটি মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যান। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় এবং একাধিক ককটেল বিস্ফোরণ ঘটে। পরে ফেলে যাওয়া মোটরসাইকেলটিতে আগুন দেওয়া হয়। এ ছাড়া গুদাম থেকে ঝুটবোঝাই ট্রাকটি ও ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা লুট করে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, খান ট্রেডার্স ঝুট নেওয়ার সময় অপর একটি পক্ষ বাধা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, সিটি টিভির ফুটেজে অস্ত্র দেখা গেছে। আলামত সংগ্রহ করে বিষয়টি তদন্ত করা হচ্ছে। খান ট্রেডার্সের পক্ষ থেকে মোটরসাইকেলে অগ্নিসংযোগ, ঝুটবোঝাই ট্রাক ও দুই লাখ টাকা লুটের অভিযোগে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।