কালিয়াকৈরে তুরাগ নদীতে নেমে ভাওয়াল কলেজের এক ছাত্র নিখোঁজ

গাজীপুর কণ্ঠ ডেস্ক :  কালিয়াকৈরে নৌ ভ্রমণে গিয়ে তুরাগ নদীতে সাঁতার কাটতে নেমে ‘ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের’ এক ছাত্র নিখোঁজ হয়েছে।

রোববার দুপুরে নিখোঁজ হওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালিয়ে তার সন্ধান মেলেনি।

নিখোঁজ রুবেল হোসেন পাবনা সদরের রবিউল হাসানের ছেলে। রুবেল কোনবাড়ী এলাকায় বসবাস করে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে লেখাপড়া করে।

নিখোঁজ রুবেলের বন্ধু নওশাদ জামান জানান, সকালে তারা ১৩ বন্ধু মিলে ইঞ্জিনচালিত নৌকায় করে কালিয়াকৈর উপজেলার মকশ বিলে বেড়ানোর জন্য বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে রগুনাথপুর এলাকায় তুরাগ নদীতে পৌঁছালে রুবেল ও শাহান সাঁতার কেটে নদী পার হওয়ার কথা বলে। এক পর্যায়ে তারা চলন্ত নৌকা থেকে নদীতে ঝাঁপ দেয়। তারা সাঁতার কেটে কিছু দূর যাওয়ার পর ওই স্থান দিয়ে যাওয়া মাটিবাহী নৌকা শাহানকে উদ্ধার করে। এ সময় রুবেল নদীর পানিতে সৃষ্ট ঘূর্ণিতে ডুবে যায়।

তিনি আরো জানায়, কালিয়াকৈর ফায়ার স্টেশনের কর্মীরা এবং টঙ্গী ফায়ার স্টেশনের ডুবরি দল তল্লাশি চালিয়ে রুবেলের সন্ধান পাওয় যায় নি।