গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাথে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনা শুরু করেছে বলে জানা যাচ্ছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের বরাত দিয়ে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।
সোমবার (২৩ মার্চ) হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের এক “শীর্ষ ব্যক্তি” যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করেছেন এবং তাঁর সাথে আলোচনা শুরু হয়েছে। ওই ব্যক্তির নাম সরাসরি উল্লেখ না করলেও ট্রাম্প বলেন, তিনি কার্যত ইরানের দায়িত্বে রয়েছেন।
ট্রাম্প আরও স্পষ্ট করেন, এই ব্যক্তি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি নন। মোজতাবা খামেনি এখনো প্রকাশ্যে আসেননি এবং তিনি আহত অবস্থায় আত্মগোপনে আছেন বলে ধারণা করা হচ্ছে।
আলোচনা শুরু হওয়ার পর ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা সোমবার রাতের মধ্যে কার্যকর করেননি। তিনি বলেন, আলোচনার অগ্রগতির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরিস্থিতি লক্ষণীয়, কারণ এর মাত্র কয়েকদিন আগেই ট্রাম্পের চরমপত্রের জবাবে কালিবাফ মধ্যপ্রাচ্যজুড়ে জ্বালানি স্থাপনায় ব্যাপক পাল্টা হামলার হুমকি দিয়েছিলেন। তাঁর এই কঠোর অবস্থান থেকে সরে এসে আলোচনার টেবিলে বসার বিষয়টি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল। বিবিসি বাংলা এই বিষয়ে সর্বশেষ তথ্য সংগ্রহ করছে।