হরমুজ প্রণালী শিগগিরই খুলবে, যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণের ইঙ্গিত ট্রাম্পের

হরমুজ প্রণালী শিগগিরই খুলবে, যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণের ইঙ্গিত ট্রাম্পের

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ হরমুজ প্রণালী “খুব শিগগিরই” খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (২৩ মার্চ) সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, প্রণালীটি যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণে পরিচালিত হবে।

সিএনএনের উপস্থাপক কেটলান কলিন্স প্রণালী খোলার সময়সীমা জানতে চাইলে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে চললে এটি দ্রুতই চালু হবে। “আমি এবং আয়াতুল্লাহ — যে-ই হোন পরবর্তী আয়াতুল্লাহ” — এই ভাষায় তিনি যৌথ নিয়ন্ত্রণের প্রসঙ্গ তোলেন।

ট্রাম্প আরও দাবি করেন, সংঘাতের শুরুর দিকে মার্কিন হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বের বড় অংশ নিহত হয়েছেন। ফলে একটি “অত্যন্ত গুরুতর ক্ষমতার পটপরিবর্তন” ঘটে গেছে বলে তিনি মন্তব্য করেন। “এটি স্বয়ংক্রিয়ভাবেই ক্ষমতার পটপরিবর্তন,” বলেন ট্রাম্প।

তবে একই সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়ে আশাবাদ প্রকাশ করেন তিনি। ইরানের যেসব প্রতিনিধির সঙ্গে কথা হচ্ছে, তাঁদের “অত্যন্ত যুক্তিসংগত ও দৃঢ়চেতা” বলে বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “তাদের মধ্যে হয়তো এমন কেউ আছেন, যিনি হবেন ঠিক সেই ব্যক্তি যাঁকে আমরা খুঁজছি।”

উল্লেখ্য, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের জ্বালানি তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। প্রণালীটি বন্ধ থাকলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে মারাত্মক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।