দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

দ্রুত প্রজনন ও বছরব্যাপী ফসল উৎপাদনে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

বিশেষ প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘নিয়ন্ত্রিত পরিবেশে কৃষি গবেষণার মাধ্যমে দ্রুত প্রজনন ও সারা বছর টেকসই ফসল উৎপাদনে উদ্ভাবনী স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান।

প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ রায়হানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. ময়নুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং সহযোগী উপ-প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. এ. কে. এম. আমিনুল ইসলাম। শিল্প অংশীদার হিসেবে উপস্থিত ছিলেন সিনকস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসিক আক্কাস।

কর্মশালায় দেশের স্বনামধন্য কৃষি গবেষণা প্রতিষ্ঠান বারি, ব্রি, বিনা, লালতীর, সুপ্রীম সিড, এসিআই সিড, ইস্ট-ওয়েস্ট সিড ও প্যারামাউন্ট অ্যাগ্রোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গাকৃবির বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরিচালক, প্রক্টর, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

গাকৃবির জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম বলেন, এই কর্মশালার মধ্য দিয়ে একটি যুগান্তকারী উদ্যোগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এর লক্ষ্য উন্নত অটোমেশন প্রযুক্তির সঙ্গে নিয়ন্ত্রিত পরিবেশে কৃষিকে সমন্বিত করে ফসলের প্রজনন চক্রকে ত্বরান্বিত করা এবং বছরব্যাপী টেকসই ফসল উৎপাদন নিশ্চিত করা।