পাঁচ সূচকে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

একই র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি এশিয়ার মধ্যে ৪০১ থেকে ৫০০তম অবস্থান অর্জন করেছে।

পাঁচ সূচকে আবারও শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

বিশেষ প্রতিনিধি 

শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্প-সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—এই পাঁচটি সূচকে যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬-এ দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আবারও প্রথম স্থান অধিকার করেছে। একই র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টি এশিয়ার মধ্যে ৪০১ থেকে ৫০০তম অবস্থান অর্জন করেছে।

শুক্রবার (২৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম। 

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রকাশিত এই র‌্যাঙ্কিংয়ে এশিয়ার ৩৬টি দেশ ও অঞ্চলের মোট ৯২৯টি শীর্ষ বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে। 

শিক্ষা, গবেষণার পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্প-সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—এই পাঁচটি সূচকে গাকৃবি মোট ১৭৪ দশমিক ৯ স্কোর পেয়ে দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ স্থান দখল করেছে। এ র‌্যাঙ্কিংয়ে চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয় টানা অষ্টমবারের মতো বিশ্বে প্রথম স্থান ধরে রেখেছে।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম জানান, এবারের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে ১৯টি সরাসরি এবং ৯টি রিপোর্টার বিশ্ববিদ্যালয়। এর মধ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে।

গবেষণায় ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে স্বীকৃত গাকৃবি এবারও গুণগত গবেষণায় (রিসার্চ কোয়ালিটি) ৬৭ স্কোর অর্জন করেছে, যা বিশ্ববিদ্যালয়টির গবেষণার গভীরতা ও প্রভাবের স্পষ্ট প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রনি ইসলাম আরও জানান, ২০২৫ সালের টিএইচই এশিয়া র‌্যাঙ্কিংয়েও কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষে ছিল প্রতিষ্ঠানটি। এ ছাড়া কিউএস প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে গাকৃবি। একই ধারাবাহিকতায় টিএইচই র‌্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন বিভাগে দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও শীর্ষ স্থান ধরে রেখেছে বিশ্ববিদ্যালয়টি। 

অন্যদিকে ইউআরআই ২০২৫-এ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন বিভাগে বিশ্বসেরা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় ৭৭তম স্থান অর্জন করে জাতীয়ভাবেও শীর্ষ অবস্থান ধরে রেখেছে গাকৃবি।

এই অর্জনে সন্তোষ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক যেকোনো র‌্যাঙ্কিংয়ে ধারাবাহিকভাবে গাকৃবির এই সাফল্য কেবল একটি অবস্থান নয়, বরং এটি আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি।’ তিনি আরও বলেন, ‘বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে দেশে শীর্ষস্থান ধরে রেখে কীভাবে বিশ্বের ১০০ থেকে ২০০তম অবস্থান নিশ্চিত করা যায়, সে লক্ষ্যে আমরা বহুমুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি। অচিরেই সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হব, ইনশাআল্লাহ।’

আরো জানতে….

দেশের শীর্ষস্থান অর্জন করলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়