গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক
যুদ্ধবিরতি চলাকালেও ইরানি সেনাবাহিনী তাদের লক্ষ্যবস্তুর তালিকা (টার্গেট ব্যাংক) হালনাগাদ ও পূর্ণাঙ্গ করেছে এবং সামরিক সরঞ্জামের আধুনিকায়ন অব্যাহত রেখেছে। একই সঙ্গে বাহিনীটি পূর্ণ যুদ্ধপ্রস্তুতিতে রয়েছে বলে জানিয়েছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র।
মঙ্গলবার একটি টেলিভিশন অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেন, সেনাবাহিনী এই যুদ্ধকে শেষ হয়েছে বলে মনে করে না। তিনি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার প্রথম দিন থেকেই শত্রুপক্ষের প্রতি আস্থার অভাবে আমাদের বাহিনী লক্ষ্যবস্তু হালনাগাদ, টার্গেট ব্যাংক পূর্ণ করা, প্রশিক্ষণ অব্যাহত রাখা এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার কাজ চালিয়ে গেছে।’
আকরামিনিয়া আরও জানান, সেনাবাহিনী নতুন সরঞ্জাম তৈরি ও বিদ্যমান সরঞ্জামের আধুনিকায়ন করেছে। পর্যবেক্ষণ, নজরদারি এবং বাহিনীর সজ্জিতকরণ কাজ বিরামহীনভাবে চলছে। শত্রুপক্ষ যদি আবারও আগ্রাসনের পথে হাঁটে, তাহলে তারা নতুন সরঞ্জাম, নতুন পদ্ধতি এবং নতুন রণক্ষেত্রে ইরানের মোকাবিলার সম্মুখীন হবে।
শত্রুদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, দেশের নিরাপত্তায় যেকোনো নতুন আগ্রাসন বা হুমকির জবাব আগের চেয়ে আরও শক্তিশালীভাবে দেওয়া হবে। তাঁর দাবি, ইরানের কাছে এমন অনেক ‘বিজয়ী তাস’ রয়েছে, যা এখনো ব্যবহার করা হয়নি। আগের যুদ্ধের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নতুন যুদ্ধকৌশল ও পদ্ধতি আয়ত্ত করা হয়েছে, যা ভবিষ্যতের যেকোনো আক্রমণে আরও শক্তিশালী ও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া দিতে সক্ষম করবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে। ওই যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা নিহত হন। এর পাল্টায় ইরানের সশস্ত্র বাহিনী ৪০ দিনে ১০০ দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে অধিকৃত অঞ্চল ও পারস্য উপসাগরীয় এলাকায় আমেরিকান ও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষতি সাধন করে।
পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয় এবং ইসলামাবাদে আলোচনার পথ খুলে যায়। আলোচনায় ইরান মার্কিন সেনা প্রত্যাহার ও নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ দশ দফা প্রস্তাব উপস্থাপন করে।
ইরান ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার না করা হলে যুদ্ধবিরতি আলোচনায় ফেরার প্রশ্ন নেই। তেহরানের দাবি, চলমান অবরোধ যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি