কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদী থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

গাজীপুর কণ্ঠ ডেস্ক

কাপাসিয়া উপজেলার আড়ালিয়া জামতলা এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।  

সোমবার (১ জুন) বিকেলে নদী থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নিহত স্কুলছাত্রী কাপাসিয়া উপজেলার আড়ালিয়া জামতলা এলাকায় জহিরুল ইসলামের মেয়ে। তার নাম জুয়েনা আক্তার (৯)।

সে আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে আড়ালিয়া জামতলা এলাকায় বাড়ির পাশের শীতলক্ষ্যা নদীর তীরে ৩/৪ জন শিশুর সাথে খেলতে যায় জুয়েনা আক্তার।

পরে তারা নদীতে নামে গোসল করতে নামে। একপর্যায়ে জুয়েনা আক্তার নদীর পানিতে তলিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪টার দিকে নদী থেকে জুয়েনা আক্তারের লাশ উদ্ধার করে।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাখাওয়াত হোসেন জানান, দুপুরে ওই শিশু নদীতে ডুবে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বিকেল ৪টার দিকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।