গাজীপুর কন্ঠ ডেস্ক
গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় সোমবার দিবাগত রাতে এক অগ্নিকাণ্ডে আটটি দোকান ও একটি বসতবাড়ির তিনটি কক্ষ পুড়ে গেছে।
এতে অন্তত ১৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পৌনে তিনটার দিকে বানিয়ারচালা এলাকার আতাবর আলীর মার্কেটের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকান ও বাসায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা রাত তিনটার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে সেমিপাকা মার্কেটের আটটি দোকান এবং বাড়ির তিনটি কক্ষ ও মালামাল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে তিনটি সেলুন সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে। এ ছাড়া দুটি মুদি দোকান ও তিনটি আসবাবপত্রের দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম বলেন, ‘দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন। আগুনে তিনটি সেলুন, দুটি মুদি দোকান, তিনটি আসবাবপত্রের দোকান এবং বাড়ির তিনটি কক্ষ পুড়ে অন্তত ১৫ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।’
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।