যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল

নতুন কেন্দ্রীয় কমিটিতে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল

গাজীপুর কন্ঠ ডেস্ক

বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে গাজীপুরে বিশাল আনন্দ মিছিল করেছেন দলটির স্থানীয় নেতা-কর্মীরা।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে অনুষ্ঠিত এই মিছিলে গাজীপুর মহানগর যুবদলের বিভিন্ন ইউনিটের শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

নতুন কেন্দ্রীয় কমিটিতে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান নেতা-কর্মীরা।

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মাসুমের নেতৃত্বে মিছিলটি মহানগরের জোড়পুকুরপাড় এলাকা থেকে শুরু হয়ে রাজবাড়ী সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সম্পাদক নিয়াকত হোসেন লিটন, কাউলতিয়া থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আলম, মহানগর যুবদলের সাবেক সহসাধারণ সম্পাদক শফিকুল আলম টিটু এবং যুবদল নেতা কবির হোসেন, আক্তার হোসেন, শফিক ও মামুন পালোয়ান প্রমুখ। 

উল্লেখ্য, গত ৪ জুন যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।