আসামে বিমানবাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ৫

আসামে বিমানবাহিনীর পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ৫

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিমানবাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন বিমানবাহিনী সদস্য নিহত হয়েছেন। 

শনিবার (১৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

বিমানবাহিনী জানিয়েছে, শনিবার সকাল ১০টার দিকে একটি অ্যান্টোনভ এএন-৩২ পরিবহন বিমান আসামের জোরহাট অঞ্চলে “নিয়মিত মহড়া” চলাকালে দুর্ঘটনার কবলে পড়ে।

বিবৃতিতে বলা হয়েছে, “দুর্ঘটনাস্থল ব্যবস্থাপনা এবং প্রাথমিক তদন্তের কাজ চলছে।” দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানানো হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি দুর্ঘটনাস্থলের ছবি প্রচার করেছে, যেখানে দেখা গেছে কালো ধোঁয়ার ঘন কুণ্ডলী এবং বিমানটি কয়েক টুকরোয় ভেঙে পড়ে আছে।

মানুষ এবং মালামাল পরিবহনের জন্য ভারতীয় বিমানবাহিনীর বহরে প্রায় ১০৫টি অ্যান্টোনভ এএন-৩২ বিমান রয়েছে।

এই দুই ইঞ্জিনের টার্বোপ্রপ বিমানটির সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটেছিল ২০১৯ সালে, চীন সীমান্তের কাছে অরুণাচল প্রদেশে, যেখানে ১৩ জন নিহত হয়েছিলেন।