গাজীপুর কন্ঠ ডেস্ক
ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়ায় নতুন নির্দেশনা জারি করেছে।
সোমবার (১৫ জুন) প্রকাশিত এই নির্দেশনায় আবেদনের সময়সূচি, নথিপত্রের শর্ত এবং মেডিকেল ভিসার বিধিনিষেধ সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।
অ্যাপয়েন্টমেন্ট স্লট কখন পাওয়া যাবে?
আইভ্যাকের নির্দেশনা অনুযায়ী, পরবর্তী কার্যদিবসের অ্যাপয়েন্টমেন্ট স্লট পূর্ববর্তী কার্যদিবসেই প্রকাশ করা হয়।
আবেদনকারীরা দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সাইন-আপ করতে এবং ওয়েবফাইল আপলোড করতে পারবেন। সফলভাবে ওয়েবফাইল আপলোড সম্পন্ন হলে বিকেল ৫টা থেকে অ্যাপয়েন্টমেন্ট বুকিং শুরু হবে।
কোন ধরনের ফাইল গ্রহণযোগ্য?
নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, আপলোড করা ওয়েবফাইল অবশ্যই মূল ভিসা আবেদনপত্রের পিডিএফ হতে হবে এবং তা ৩০ দিনের বেশি পুরোনো হলে চলবে না।
পরিবর্তিত, সম্পাদিত বা কোনোভাবে বিকৃত ফাইল গ্রহণ করা হবে না বলে সতর্ক করেছে আইভ্যাক।
মেডিকেল ভিসায় কড়াকড়ি
চিকিৎসার উদ্দেশ্যে যারা ভারতে যেতে চান, তাদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আইভ্যাক।
নির্দেশনায় বলা হয়েছে, মেডিকেল ভিসাধারীদের অবশ্যই সেই নির্দিষ্ট হাসপাতালে যেতে হবে, যেটির নামে ভিসা ইস্যু করা হয়েছে। হাসপাতাল পরিবর্তন করতে হলে আগে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর অনুমতি নিতে হবে।
এফআরআরওর অনুমোদন ছাড়া হাসপাতাল পরিবর্তন ভিসা বিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং এর ফলে ভবিষ্যতে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে সতর্ক করা হয়েছে।