বিশেষ প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন ফি মওকুফ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের শুধু সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি দিতে হবে। পরীক্ষা–সংক্রান্ত অন্যান্য ফি মওকুফের সুবিধা পেতে আহত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আহতদের তালিকা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৬৯ জন শিক্ষার্থীর তথ্য পেয়েছে, যাঁরা জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। এসব শিক্ষার্থীর সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ব্যতীত পরীক্ষা–সংক্রান্ত অন্যান্য ফি মওকুফ করতে অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।