বিশেষ প্রতিনিধি :
জাতীয় প্রতিরক্ষা কোর্সের (এনডিসি) একটি প্রতিনিধিদল বুধবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছে।
ব্রি জানায়, এনডিসির ১৪৫ সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলে ১৮টি দেশের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা অংশ নেন।
অংশগ্রহণকারী দেশগুলো হলো বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তানজানিয়া, উগান্ডা ও জাম্বিয়া।
এনডিসির প্রতিনিধিদল ব্রি ক্যাম্পাসে পৌঁছালে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ও কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসারী খানমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের স্বাগত জানান। পরে প্রতিনিধিদলের পরিদর্শন উপলক্ষে ইনস্টিটিউটের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রির মহাপরিচালক।

অনুষ্ঠানে ব্রির গবেষণা কার্যক্রম ও সাম্প্রতিক অর্জন নিয়ে সচিত্র উপস্থাপনা দেন প্রতিষ্ঠানটির পরিচালক (গবেষণা) মো. রফিকুল ইসলাম। এ সময় ব্রির কর্মকর্তা ও পরিদর্শক দলের সদস্যদের মধ্যে উন্মুক্ত আলোচনা হয়। অনুষ্ঠানে পরিদর্শক দলের প্রধান মেজর জেনারেল মো. মাসুদুর রহমানের হাতে ব্রির পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে প্রতিনিধিদলটি ব্রির খামারযন্ত্র শেড, উদ্ভিদ প্রজনন ল্যাব ও জিন ব্যাংক পরিদর্শন করে। এ সময় দলের সদস্যরা ব্রির নানা সাফল্য ও অর্জন সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন।
বারি জানায়, এনডিসির ১০৫ জনের একটি প্রতিনিধিদল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেছে।
প্রতিনিধিদলটি ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনের সামনে পৌঁছালে তাদের স্বাগত জানান বারির মহাপরিচালক মো. মঞ্জুরুল কাদির ও অন্য পরিচালকেরা। পরে কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন বারির পরিচালক (গবেষণা) ফারুক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন বারির পরিচালক (সেবা ও সরবরাহ) মো. মোশাররফ হোসেন মোল্লা, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) রেশমা সুলতানা, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন উইং) হাবিব মোহাম্মদ নাসের এবং পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) নির্মল কুমার দত্তসহ অন্যরা। পরে প্রতিনিধিদলটি বারির বিভিন্ন গবেষণাগার ও গবেষণা মাঠ পরিদর্শন করে এবং ইনস্টিটিউটের বর্তমান কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করে।