গাজীপুর কণ্ঠ ডেস্ক
শ্রীপুরে ডিমের ন্যায্যমূল্য, সিন্ডিকেট ভেঙে দেওয়া এবং পোলট্রি খাদ্য ও ওষুধের দাম কমানোর দাবিতে বিক্ষোভ করেছেন প্রান্তিক পোলট্রি খামারিরা। প্রতিবাদের অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শত শত ডিম ভেঙে অভিনব কর্মসূচি পালন করেন তারা, যার জেরে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
শনিবার (০৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় শিমুলতলী পোলট্রি খামারি অ্যাসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কয়েকশ খামারি।

মানববন্ধনে অংশ নেওয়া খামারি মাসুদ রানা সংবাদ মাধ্যমকে বলেন, পোলট্রি খাদ্য ও ওষুধের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। একটি ডিম উৎপাদনে যে খরচ হচ্ছে, বাজারে তার চেয়ে কম দামে তা বিক্রি করতে হচ্ছে। অথচ করপোরেট সিন্ডিকেটের কারণে ভোক্তাদের খুচরা বাজারে বেশি দামে ডিম কিনতে হচ্ছে।
আরেক খামারি জোনায়েদ রুবেল সংবাদ মাধ্যমকে বলেন, প্রান্তিক খামারিদের অবস্থা এখন সংকটাপন্ন। লাভ তো দূরের কথা, উৎপাদন খরচও উঠছে না। সিন্ডিকেটের কারণে ছোট খামারিরা টিকে থাকতে পারছেন না বলে তিনি দ্রুত সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান।

খামারিদের অভিযোগ, ডিম উৎপাদনে তারা পরিশ্রম করলেও লাভের বড় অংশ চলে যাচ্ছে হাতেগোনা কয়েকজন সিন্ডিকেট ব্যবসায়ীর হাতে। একের পর এক লোকসানের মুখে অনেক খামারি খামার বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতিতে পড়েছেন। তাদের দাবি, সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশের পোলট্রি শিল্প বড় ধরনের সংকটে পড়বে।
মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান সংবাদ মাধ্যমকে জানান, খামারিদের মানববন্ধন ও বিক্ষোভের কারণে কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচলও স্বাভাবিক হয়ে আসে।