বিশেষ প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর এলাকা থেকে প্রায় ৩৪ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার দিবাগত মধ্যরাতে এই অভিযান পরিচালিত হয়।
র্যাব-১-এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম জানান, র্যাব-১-এর গাজীপুরের কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, গাঁজার একটি বড় চালান নিয়ে ঢাকার আশুলিয়া থেকে কাশিমপুরের দিকে যাচ্ছে একটি গাড়ি। এই তথ্যের ভিত্তিতে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় দলটি।
তল্লাশির সময় গাড়ি থেকে ৩৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয় গাড়িচালক সাহাবুদ্দিন মিয়া (১৯) ও রাব্বি খলিফাকে (২২)। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাশিমপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।