অব্যাহতির ৭ বছর পরও আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মামলার অভিযোগ

চেয়ারম্যানের পদের দিকে যাদের নজর, তারাই ষড়যন্ত্রমূলকভাবে লোক দিয়ে এসব মামলা করাতে পারে বলে ধারণা।

অব্যাহতির ৭ বছর পরও আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মামলার অভিযোগ

বিশেষ প্রতিনিধি

গাজীপুর জেলা আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়ার প্রায় সাত বছর পরও এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে “আওয়ামী লীগ ট্যাগ” দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। 

শনিবার (০৪ জুলাই) বিকেলে বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান তার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।

হাবিবুর রহমান খান জানান, ছাত্রজীবনে ছাত্রলীগ, পরবর্তীতে যুবলীগ, বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং গাজীপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। এক পর্যায়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিরোধ দেখা দিলে ২০১৯ সালের ২ মে তিনি স্বেচ্ছায় দল থেকে অব্যাহতি চান। একই বছরের ২৯ জুলাই জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সভায় তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এরপর তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাজীপুরের বাড়িয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করে জয়ী হন।

তিনি বলেন, ২০২৪ সালে আওয়ামী লীগের পতনের পর তাঁর নামে একটি মামলা হয়। ওই মামলায় তিনি একই বছরের ১৭ অক্টোবর গ্রেপ্তার হন এবং জেল খেটে ৫ নভেম্বর জামিনে মুক্তি পান। চলতি বছরের ২৩ জুন তাঁর নামে আরও একটি মামলা হয়েছে।

হাবিবুর রহমান খান বলেন, ২০১৯ সালের পর থেকে আওয়ামী লীগের সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তারপরও একটি মহল ষড়যন্ত্রমূলকভাবে তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে আসামি করাচ্ছে বলে অভিযোগ তার।

তিনি বলেন, তিনি আর কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না। ইউনিয়নের মানুষ তাকে ভালোবাসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তাকে নির্বাচিত করেছেন। তিনি তাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চান বলে জানান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চেয়ারম্যানের পদের দিকে যাদের নজর, তারাই ষড়যন্ত্রমূলকভাবে লোক দিয়ে এসব মামলা করাতে পারে বলে তার ধারণা। এসব ষড়যন্ত্রমূলক মামলা থেকে মুক্তি পেতে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন।